জাহিদ, দক্ষিণ কোরিয়া : হাসপাতালে ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা নেওয়ার পর গাড়ি চালিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা! নিহত ১, আহত ১
দক্ষিণ কোরিয়ার ইনছন শহরের নামদংগু (인천 남동구) এলাকায় গাড়ি চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর গাড়ি তুলে দেন ৩০ বছর বয়সী এক নারী।
একটি ভবনের পার্কিং লট থেকে গাড়ি বের করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ৭০ বছর বয়সী এক নারী নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার দিন ওই নারী কাছের একটি হাসপাতালে ঘুমের ওষুধ দিয়ে অ্যানেসথেশিয়া নেওয়ার পর প্রায় ৩ ঘণ্টা হাসপাতালের রিকভারি রুমে ছিলেন। এরপর তিনি গাড়ি চালাতে বের হন।
পুলিশ জানিয়েছে, জাতীয় ফরেনসিক সার্ভিসের পরীক্ষায় তাঁর শরীরে ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, তিনি ব্রেকের পরিবর্তে ভুল করে অ্যাক্সিলারেটরে চাপ দিয়েছিলেন।
তবে ওষুধের প্রভাবে তাঁর গাড়ি চালানোর সক্ষমতা কমে গিয়েছিল কি না এবং দুর্ঘটনার সঙ্গে এর সরাসরি সম্পর্ক আছে কি না, তা এখনো তদন্তাধীন।
হাসপাতালে ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা বা অ্যানেসথেশিয়া নেওয়ার পর চিকিৎসকের অনুমতি ছাড়া গাড়ি চালাবেন না। কয়েক ঘণ্টা বিশ্রাম নিলেই যে ওষুধের প্রভাব সম্পূর্ণ কেটে গেছে, এমন নয়। নিজের অসতর্কতায় অন্য কারও জীবন যেন ঝুঁকিতে না পড়ে।


