sliderস্থানিয়

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের আরও ৫ সদস্য পালিয়ে যায়। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সংবাদ ছিল, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৮ জন ডাকাত একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে। অভিযানকালে ৩ জনকে আটক করা সম্ভব হলেও অপর ৫ জন কৌশলে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর থানার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মোঃ রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি থানার শান্তাহার ইয়ার্ড কলোনির বাবু মিয়ার ছেলে ও পালক পিতা বাচ্চু মিয়ার পরিচয়ে থাকা মোঃ সাগর এবং নওগাঁ সদর থানার চক গোয়ালী গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রিমন হোসেন (২৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের ৮টি মামলা, মোঃ সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ ৫টি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।পলাতক ৫ জনের নাম-ঠিকানা শনাক্ত করতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button