শিরোনাম

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ দুই যুবক নিহত

সংবাদদাতা, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় উপজাতি সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীসহ দুই উপজাতি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মধ্য বানছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজাতি সশস্ত্র সন্ত্রাসী দলের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে দু’জনের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন উপজেলার নন্দেশ্বর কার্বারী পাড়ার সুশীল চাকমার ছেলে ইউপিডিএফ কর্মী এনজেল চাকমা ওরফে বাবু চাকমা (৩০) এবং আরেকজন একই এলাকার বীরেন্দ্র মোহন চাকমার ছেলে গাড়ীচালক সুদিব্য কান্তি চাকমা (২৫)।
সুদিব্য কান্তি চাকমার বড়ভাই শান্তিময় চাকমা জানান, সকালে আমার ভাই সুদিব্য কান্তি চাকমা ও এনজেল চাকমা বাড়ির সামনে দোকানে বসে দাবা খেলছিল। এমন সময় সশস্ত্র সন্ত্রাসীরা এসে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দে আমরা এসে তাদের লাশ দেখতে পাই। তিনি আরো জানান, আমার ভাই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। তিনি গাড়ী চালাতেন। আমার ভাইয়ের দুটি শিশু সন্তান রয়েছে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সংগঠক ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা জানান, সকালে আমাদের কর্মী বাবু চাকমাকে পাহাড়ের একটি বিশেষ মহলের মদতপুষ্ট সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এর সাথে একজন নিরীহ গ্রামবাসীও রয়েছেন। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। ইউপিডিএফ এ ধরণের হামলাকে কাপুরুষোচিত, ন্যাক্কারজনক ও একটি জঘণ্যতম অপরাধ বলে মনে করে। দ্রুত এ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার জোরদাবিও জানান ওই নেতা।
দীঘিনালা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনাস্থল থেকে আমরা দু’জনের লাশ উদ্ধার করেছি। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button