
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে গ্রেপ্তার হলেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদার।
দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানায়, সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে সোমবার ভোরে এক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট এবং সফদারের স্ত্রী মরিয়ম নওয়াজের অভিযোগ, হোটেল কক্ষের দরজা ভেঙে ঢুকে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় তারা ঘুমাচ্ছিলেন।
তবে ক্ষমতাসীন দল পিটিআইয়ের নেতা ও পাকিস্তানের সমুদ্রসম্পদবিষয়ক মন্ত্রী আলী জিয়াদি বলেন, মরিয়ম আবার মিথ্যা বলছেন। পুলিশ হোটেলের দরজা ভেঙে ঢোকেনি।
আগের দিন করাচির বাগ-ই-জিন্নাহতে মোহাম্মদ আলী জিন্নাহর সমাধি এলাকায় বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) সরকারবিরোধী বিশাল বিক্ষোভ করে। সেখানে ইমরান খানের পদত্যাগের ডাক দেয় বিরোধী দলের নেতারা।
সমাবেশে স্লোগান দেন নওয়াজের জামাতা সফদার। পরদিনই তিনি গ্রেপ্তার হলেন। এর আগে জিন্নাহর সমাধির পবিত্রতা নষ্টের অভিযোগে মরিয়ম, সফদার ও পিএমএল-এনের ২০০ সমর্থকের বিরুদ্ধে ওয়াকাস আহমেদ নামের এক ব্যক্তি মামলা করেন।
ওই ব্যক্তির অভিযোগ, দুই শতাধিক সমর্থক নিয়ে সমাধিতে পৌঁছান পিএমএল-এন নেতারা। বেষ্টনী টপকে কবরের ভেতরে ঢুকে পড়েন সফদার। অভিযোগকারী ওয়াকাস আহমেদ তাকে আটকানোর চেষ্টা করেও পারেননি। তাতে সফদার তাকে ও তার লোকজনকে হত্যার হুমকি দেন।




