শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে ভারতের জলসীমা থেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেছে বিএসএফ। তবে এখনো নিখোঁজ রয়েছেন একজন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দি এক আত্মীয় কে দেখে সন্ধ্যার দিকে আলিমনগর ঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা নারায়ণপুর ইউনিয়নের উদ্দেশে রওনা হয়। কিছুক্ষণ পর পদ্মা নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ১০ জন তীব্র পানির স্রোতে ভারতীয় জলসীমায় চলে যায় । পরে বিএসএফ তাদের মধ্যে ১০জনকে জীবিত উদ্ধার করলে একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আয়োজন করা হচ্ছে। রাতের যেকোন এক সময় তাদের ফরিদপুর বিওপি দিয়ে গ্রহন করা হবে। তবে নৌকায় থাকা আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।