মোঃ আলাউদ্দীন মন্ডল,রাজশাহী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি চলাকালে মাদ্রাসার চারপাশ, শ্রেণিকক্ষ ও প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ নুরুজ্জামান, সহকারী প্রধান মোঃ লুৎফর রহমান, অভিভাবক সদস্য মোঃ আবুল কালাম আজাদ (কালিম) এবং ধুরইল গ্রামের বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান বেলাল।
পরিচ্ছন্নতা অভিযান শেষে প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ নুরুজ্জামান বলেন, “ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়তে নিয়মিত পরিচ্ছন্নতা রক্ষা করা জরুরি। আমরা সপ্তাহে অন্তত দুই দিন মাদ্রাসা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো এবং প্রতিষ্ঠানটিকে ডেঙ্গুমুক্ত রাখবো, ইনশাআল্লাহ।”
এ সময় স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিজ নিজ বসতবাড়ি পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান।