শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ সীমান্তে বিজিবি এর পৃথক দুটি বিশেষ অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
শুক্রবার ২৭ নভেম্বর ভোরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধীনস্থ ওয়াহেদপুর ও রঘুনাথপুর বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায় ভোর ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে একই দিন ভোর ৫ টা ২০ মিনিটে একই ইউনিয়নের শ্যামপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রঘুনাথপুর বিওপির একটি বিশেষ টহলদল। এ অভিযানে একটি ভারতীয় গরু জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দ করা মদ ও গরুর সর্বমোট বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।