উপমহাদেশশিরোনাম

টুইটারে সিবালের তোপের মুখে মোদি

অর্থনীতিতে সদ্য নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জির উক্তি তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের টুইটারবার্তায় কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস নেতা কপিল সিবাল। সোমবার মাইকেল ক্রেমার ও স্ত্রী এস্থার ডুফ্লোর সাথে যৌথভাবে অর্থনীতিতে নোবেল জিতেছেন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি। পুরষ্কার জয়ের পর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনো‌লজি তথা এমআইটিতে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় অর্থনীতি বিষয়ে নিজস্ব মতামত জানতে চাওয়া তার কাছে। জবাবে এই অর্থনীতিবিদ বলেন, ‘আমার মতে, ভারতের অর্থনীতি খুব খারাপ অবস্থায় রয়েছে।’ আন্তর্জাতিক মঞ্চে নোবেলজয়ীর এমন বক্তব্যকে পুঁজি করেই সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে বসেছেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল।
টুইটে সিবাল লেখেন, ‘মোদিজি কি শুনছেন?’ এরপর তিনি পয়েন্ট আকারে অভিজিৎ ব্যানার্জির কয়েকটি বক্তব্য তুলে ধরেন। সেগুলো হল, ‘১)ভারতীয় অর্থনীতি নড়বড়ে অবস্থায় রয়েছে। ২)পরিসংখ্যানের তথ্যে ‘‘রাজনৈতিক প্রভাব” রয়েছে। ৩)শহর ও গ্রামের গড় খরচ আরও কঠিন হয়েছে, যেমনটা ষাটের দশকেও হয়নি। ৪)আমরা (ভারত) সঙ্কটে রয়েছি।’
একইসঙ্গে তিনি লেখেন, ‘কাজে যোগ দেওয়া হোক। ফোটো অপস কম হোক।’ প্রসঙ্গত, ‘ফোটো অপস’ হল কোনও রাজনীতিবিদ, সেলেব্রিটি বা গণ্যমান্য ব্যক্তির ছবি তোলার সুযোগ।
এর আগে সোমবার নিজের বক্তব্য নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ বলেন, ‘দেশের অর্থনীতি খুব খারাপ অবস্থায় রয়েছে। এটা এক এমন সময় যখন আপনি আর্থিক স্থিতি নিয়ে ততটা চিন্তিত হবেন না, বরং বেশি চিন্তিত হবেন চাহিদা নিয়ে। আমি মনে করি চাহিদাই এই মুহূর্তে আমাদের অর্থনীতিতে খুব বড় এক সমস্যা।’

এমআইটিতে ভারত সরকারের সমালোচনা করে অভিজিৎ আরও বলেন, ‘ভারতের জরিপগুলোর মধ্যে কোনটার তথ্য সঠিক, আর কোনটা বেঠিক, তা নিয়ে অনেক বিবাদ হয়েছে। এছাড়া সরকারের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে যে, সমস্ত তথ্য যা অসুবিধা তৈরি করছে তা ভুল। কিন্তু আমি মনে ‌করি এটি এমন একটি বিষয় যে সরকারও সমস্যার বিষয়টি স্বীকার করে নিয়েছে। অর্থনীতি অত্যন্ত দ্রুতগতিতে মন্দায় পড়ছে।’
অথচ অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য অভিজিৎ ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আন্তর্জাতিক অর্থনীতিতে তাঁর অবদানেরও প্রশংসা করেছেন মোদি। নিজের টুইটে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে পুরস্কার পাওয়ার জন্য অভিজিৎ ব্যানার্জিকে অভিনন্দন। দারিদ্র দূরীকরণে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button