মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুরে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। কেন্দ্রীয়ভাবে উদ্বোধনের পর পরই সকাল ১০টায় কাজিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় ইউএনও শাহানাজ পারভীন পরিচ্ছন্নতা অভিযানের ব্যাপ্তি, তৃণমূল পর্যায়ে কমিটি গঠন ও এর সফল বাস্তবায়নের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, “আজ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে একযোগে এই অভিযান চলবে। পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত মাঠে কাজ করবেন। তবে কেবল সরকারি উদ্যোগে নয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া এ কার্যক্রমের পূর্ণাঙ্গ সফলতা পাওয়া কঠিন। আসুন, আমরা সবাই মিলে নিজ নিজ জায়গা থেকে সচেতন হই এবং একযোগে কাজ করি।”
উদ্বোধনী কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কাজিপুরে সবচেয়ে বেশি হওয়ায় এই অভিযানকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বাড়তি সচেতনতা ও গুরুত্ব লক্ষ্য করা গেছে।