sliderরাজনীতিশিরোনাম

দলের কেন্দ্রীয় নেতা ফিরোজ কবিরের গ্রামের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এবি পার্টির নিন্দা প্রতিবাদ

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় সহ-প্রকাশনা সম্পাদক ফিরোজ কবিরের বাড়িতে পৌরসভার বুলডোজার ব্যবহার করে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দিনদুপুরে পৌরসভার বুলডোজার ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন রাজনৈতিক কর্মীর বাড়ি ভেঙে দেওয়া কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের চিত্র হতে পারে না। এটি শুধু ফিরোজ কবিরের ওপর হামলা নয় বরং স্থানীয় প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক মতের ওপর নগ্ন দমন-পীড়নের ভয়াবহ দৃষ্টান্ত।

তারা বলেন, ফিরোজ কবির দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং কৃষকদের সারের ন্যায্য দাবিসহ জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। এসব বিষয়ে তার বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে তাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়েছে। রংপুরের লংমার্চে অংশগ্রহণের কারণেও স্থানীয় একজন রাজনৈতিক নেতা তাকে ফোন করে হুমকি, গালিগালাজ এবং ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আজ দুপুর ১২টার দিকে মন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের নেতৃত্বে প্রায় ৭০–৮০ জনের একটি দল পৌরসভার বুলডোজার নিয়ে এসে ফিরোজ কবিরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষের সামনে যারা ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করেন, তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলা হয় বলেও অভিযোগ রয়েছে।

এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, পৌরসভার বুলডোজার কোনো রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের হাতিয়ার হতে পারে না। জনগণের করের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কোনো নাগরিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ।
তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ওy নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফিরোজ কবির ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button