একটি সীমানা পিলারের দাম শত কোটি টাকা!, আটক স্বামী-স্ত্রী

খুলনায় শত কোটি টাকা মূল্যের কথিত সীমানা পিলারসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলার দেবদুয়ার গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দেবদুয়ার গ্রামের মো. শফিকুল ইসলাম গাজী (৪৫) ও তার স্ত্রী রেহেনা পারভীন (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, রেহেনা পারভীন ও তার স্বামী শফিকুল ইসলামসহ একটি সংঘবদ্ধচক্র দীর্ঘদিন যাবৎ নকল সীমানা পিলার প্রস্তুত করে এটি শত কোটি টাকা মূল্যের বলে বিক্রির জন্য মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাছ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল মঙ্গলবার দুপুর পৌঁনে তিনটার দিকে গ্রেফতারকৃত আসামিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে কথিত উক্ত সীমানা পিলারসহ রেহেনা পারভীন ও তার স্বামী শফিকুল ইসলাম গাজীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, গ্রেফতারকৃতরা উক্ত সীমানা পিলারের মূল্য শত কোটি টাকা বলে মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, এ ঘটনায় পুলিশ পরিদর্শক এস এম আলমগীর কবির পাইকগাছা থানায় মামলা দায়ের করেছেন।
সুত্র: নয়া দিগন্ত




