ইউএস ওপেনের মূল ড্রতে ওয়াইল্ড কার্ড পেলেন শারাপোভা

১৮ মাস পরে কোন গ্র্যান্ড স্লামের মূল ড্রতে ওয়াইল্ড কার্ড অর্জন করলেন বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় মারিয়া শারাপোভা। আসন্ন ইউএস ওপেনে তিনি ওয়াইল্ড কার্ড নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন। টুর্নামেন্ট আয়োজক কমিটি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ।
৩০ বছর বয়সী এই রাশিয়ান ডোপিংয়ের কারণে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছরের শুরুতে কোর্টে ফিরেছিলেন। ফ্রেঞ্চ ওপেনে তিনি ওয়াইল্ড কার্ড পাননি। এরপর থাইয়ের ইনজুরির কারণে উইম্বলডনে খেলতে পারেননি। ২০১৬ সালে অবৈধ ওষুধ গ্রহণের দায়ে ধরা পড়েন শারাপোভা। যে ওষুধটি তিনি গ্রহণ করেছিলেন সেটা ঐ বছর জানুয়ারি থেকে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের নিষিদ্ধ দ্রব্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়। যদিও ২০০৬ সালের ইউএস ওপেনসহ পাঁচবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী শারাপোভা দাবী করেছিলেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের পরিবর্তিত আইন সম্পর্কে তিনি অবহিত ছিলেন না।
চলতি মাসের শুরুতে নতুন করে কনুইয়ের ইনজুরিতে পড়ায় শারপোভার ইউএস ওপেনের প্রস্তুতি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের ১৪৮ নম্বর খেলোয়াড় বছরের শেষ গ্র্যান্ড স্লামের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তুলতে রজার্স কাপ ও সিনসিনাতি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
শারাপোভা ছাড়া নারীদের বিভাগে ওয়াইল্ড কার্ড পাওয়া অপর খেলোয়াড়রা হলেন, যুক্তরাষ্ট্রের কেইল টাউনসেন্ড, কাইলা ডে, সোভিয়া কেনিন, অ্যাশলে ক্রাতজার, ব্রিনি মাইনর ও ফ্রান্সের আমানডিনে হেসে।
আগামী ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোর বিলি জিন কিং ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। পুরুষ ও নারী উভয় বিভাগের সিঙ্গেলস চ্যাম্পিয়ন এবার রেকর্ড ৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। বাসস



