আত্মবিশ্বাসে টগবগ করছেন মুমিনুল

নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। মুস্তাফিজ, সাকিবের মতো খেলোয়াড় থাকায় নিজেদের আত্মবিশ্বাস আরো বেশি বলে উল্লেখ করেন এ টপঅর্ডার ব্যাটসম্যান।
আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মুমিনুল বলেন, আমাদের দেশের কন্ডিশনে আমরা খুব ভালো দল। অতএব, নিজেদের মাটিতে আমরা পজিটিভ কিছু আশা করতে পারি। আমাদের মুস্তাফিজ, সাকিব ভাই সবাই এখন ফর্মে আছে।
একই সঙ্গে দলে একজন ভালো মানের লেগ স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করছেন মুমিনুল। জুবায়ের হোসেন লিখনকে দিয়ে চেষ্টা চালালেও সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। তবে নিজেদের যা আছে তাতেই আশাবাদী মুমিনুল।
টেস্ট ক্রিকেটে ভালো ফলাফল করতে আরো কিছু সময় লাগবে বলে জানান তিনি। তারপরও নিজেদের কন্ডিশনে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যপারে আশাবাদী মুমিনুল। আমাদের একটা ভালো লেগ স্পিনার থাকলে অনেক ভালো হতো। ওয়ানডের মতো আমরা টেস্টে অতটা ভালো না। হয়ত একটু সময় লাগবে। এই কন্ডিশনে আমরা আপাতত পারব।
সূত্র : বাসস




