বিনোদন

মারা গেলেন শেষ ‘গন উইথ দ্য উইন্ড’ তারকা অলিভিয়া

‘গন উইথ দ্য উইন্ড’ সিনেমার জন্য পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার মনোনয়ন পান অলিভিয়া। তখন ব্যর্থ হলেও পরে দুইবার সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন
হলিউডের সোনালি যুগের অন্যতম তারকা অলিভিয়া ডা হ্যাভিলন্ড আর নেই। ১০৪ বছর বয়সে মারা গেছেন তিনি।
পাঁচ দশকের লম্বা ক্যারিয়ারে তিনি ৫০টির মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। অলিভিয়ার মাধ্যমে একটি যুগের অবসান হলো। এতদিন তিনি ছিলেন ১৯৩৯ সালের ক্ল্যাসিক ‘গন উইথ দ্য উইন্ড’-এর বেঁচে থাকা একমাত্র তারকা।
প্যারিসের নিজের বাড়িতে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অলিভিয়া। তার মুখপাত্র জানান, বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। অভিনেত্রী ১৯৬০ এর দশক থেকে প্যারিসে বসবাস করছিলেন।
‘গন উইথ দ্য উইন্ড’ সিনেমার জন্য পার্শ্ব অভিনেত্রী বিভাগে তিনি অস্কার মনোনয়ন পান। তবে পুরস্কারটি যায় একই সিনেমার সহশিল্পী হ্যাটি ম্যাকডানিলের হাতে।
১৯৪০-এর দশকে হোল্ড ব্যাক দ্য ডন, টু ইচ হিজ ওন, দ্য স্নেক পিট ও দ্য এয়ারেস চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এর মধ্যে ‘টু ইচ হিজ ওন’ ও ‘দি এয়ারেস’-এর জন্য পুরস্কার লাভ করেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছিলেন অস্কার-জয়ী সবচেয়ে বেশি বয়সী তারকা।
অলিভিয়া মেরি ডে হ্যাভিলন্ড ১৯১৬ সালে টোকিওতে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। অস্কার-জয়ী আরেক অভিনেত্রী জোয়ান ফন্টেইন তার বোন। অবশ্য নানা কারণে ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক ভালো ছিল না।
এরল ফ্লিনের সঙ্গে রোমাঞ্চকর চলচ্চিত্র ‘ক্যাপ্টেন ব্লাড’-এর ১৯৩৫ সালে মাধ্যমে সিনেমায় পা রাখেন অলিভিয়া। আরও কিছু সিনেমার পর মেলানি চরিত্রে ‘গন উইথ দ্য উইন্ড’-এ সুযোগ পান। তিনি ১৯৮০ এর দশকের শেষ পর্যন্ত অভিনয় চালিয়ে যান।
চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চ-টেলিভিশনেও সমান সফল অলিভিয়া। তিনবার ব্রডওয়ে মঞ্চে অভিনয় করেন— রোমিও অ্যান্ড জুলিয়েট, ক্যান্ডিডা ও আ গিফ্‌ট অভ টাইম। টেলিভিশনে কয়েকটি সফল মিনি সিরিজে অভিনয় করেন। এর মধ্যে আছে রুটস: দ্য নেক্সট জেনারেশনস ও আনাস্তাসিয়া: দ্য মিস্ট্রি অব অ্যানা। দ্বিতীয় সিরিজটির জন্য প্রাইমটাইম এমি মনোনয়ন এবং গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। পেয়েছেন নানান উৎসব ও পুরস্কার আসরের স্বীকৃতি। অলিভিয়া একাধিক রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে জাতীয় শিল্পকলা পদক, লেজিওঁ দনর ও অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের ডেম কমান্ডার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button