Uncategorized

গোমতী নদীতে নিখোঁজের একদিন পর ২ যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি এলাকায় গোমতী নদীতে নৌকাডুবিতে নিখোঁজের একদিন পর দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুরীদলের সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়। মৃতদের মধ্যে সজিব মাদারীপুর জেলার শিবচর এলাকার মোজাফফর বেপারীর ছেলে এবং অনিক ঢাকার হাজারীবাগ এলাকার হাজী আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে আটজন যুবক দাউদকান্দিতে টোল প্লাজা এলাকায় আসে। পরে স্থানীয় তিন বন্ধুর সাথে সেখানে খাওয়া-দাওয়া শেষে একটি ছোট নৌকাযোগে সবাই নদীর পাশে একটি মাছের প্রজেক্ট দেখতে যায়। কিছুক্ষণ পর নদীতে চলমান একটি ট্রলারের ঢেউ এসে ওই নৌকায় ধাক্কা লাগে। এতে অতিরিক্ত বোঝাই হওয়ায় নৌকাটি ডুবে যায়। পরে সাঁতার কেটে মাঝিসহ ১০ জন তীরে চলে আসে।
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফয়েজ আহমেদ জানান, দুই যুবকের নিখোঁজের বিষয়টি জানতে পেরে আমরা শুক্রবার সকাল ৬টার দিকে ঘটনাস্থলে যাই। পরে চাঁদপুর থেকে পাঁচ সদস্যের ডুবুরীদল আসার পর সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। শনিবার ভোর রাত ৩টার দিকে ব্রিজের একটি খুঁটির কাছে সজিবের লাশ এবং সকাল ৮টার দিকে নৌকাডুবির ঘটনাস্থলের পাশে অনিকের লাশ ভেসে ওঠে। পরে লাশ দুটি তীরে আনার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button