ধানের নায্য মূল্য পেয়েছেন কৃষকরা: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ। কৃষকরা এবার ধানের নায্য মূল্য পেয়েছেন। এবার ধান নিয়ে কৃষকদের খুব একটা কষ্ট করতে হয়নি।আজ বৃহষ্পতিবার (৯ জুলাই) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, কৃষকদের একটা মেসেজ দিতে চাই, যদি কেউ ধান আটকে রেখে মনে করেন যে, পরে ধানের দাম আরও বৃদ্ধি পাবে; তাহলে ভুল ভাবছেন। পরে আমাকে দোষ দিতে পারবেন না। কারণ ধানের দাম এর চেয়ে বেশি আর বাড়বে না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ধানের দাম যদি অতিরিক্ত বাড়তে থাকে, বাজার যদি অস্থিতিশীল হয়ে যায় এবং যদি কোন চাল ব্যাবসায়ী সিন্ডিকেট করে চালের দাম বাড়াতে চায়, তাহলে সরকার চাউল আমদানি করবে। তখন ধানের দাম কমে যাবে।
স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা এসময় উপস্থিত ছিলেন। পরে ৭৭ জন নন এমপিও শিক্ষককে ৫ হাজার করে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা ও ১০ জন কর্মচারীর মধ্যে ২ হাজার ৫০০ করে মোট ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




