মালাইকার আবাসনে করোনার থাবা

আইটেম গার্ল মালাইকা অরোরার আবাসনে থাবা বসিয়েছে করোনা। সেখানকারই এক ব্যক্তির শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। যার জেরে পুরো আবাসনই নিয়ম মেনে তড়িঘড়ি সিল করে দিয়েছে বৃহন্মুম্বই পৌরসভা।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘ছাইয়া ছাইয়া’-খ্যাত মালাইকা এই মুহূর্তে ছেলে আরহান খানের সঙ্গে রয়েছেন। মা-ছেলে মিলে পোষা প্রাণীদের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছেন— অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় রয়েছে এর প্রমাণ।
তবে আবাসনে করোনার ছায়া পড়তেই সব বাসিন্দাদের কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। কাউকেই বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না।
লকডাউনের পর থেকে বাড়ি থেকে বের হতে দেখা হয়নি মালাইকাকে। বন্ধু কারিনা কাপুর খানও মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে পুরনো ছবি পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন দীর্ঘ দিন যাবৎ দেখা না হওয়ার জন্যে। তাদের আলাপচারিতার ছবি প্রকাশও হয়েছে ইনস্টাগ্রামে।
মুম্বাইয়ে ক্রমশই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। তারকাদের আবাসনও বাদ পড়েনি! লকডাউনের মাঝেই একের পর এক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের আবাসন সিল করে দেওয়ার খবর পাওয়া যায়। অন্যদিকে, অভিনেতা ভিকি কৌশলের আবাসনেরও ১১ বছরের এক কিশোরীর করোনা ধরা পড়ায় পুরো বিল্ডিং সিল করে দেওয়া হয় এপ্রিল মাসে। কভিডে সংক্রমিত হয়েছিলেন করণ জোহার এবং বনি-জাহ্ণবী কাপুরের বাড়ির কিছু পরিচারকও।




