
করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জন্য আজ ও আগামীকাল দুই দিন ‘খুবই ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়।
তিনি জানান, মোহাম্মদ নাসিমের প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। এখন তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
নাসিমের ছেলে বলেন, ‘দুই দিন উনার জন্য খুবই ক্রিটিক্যাল। এখন শারীরিক যে অবস্থা আছে, এভাবে থাকলে তিনি রিকভারি করতে পারবেন।’
এর আগে গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। পরে শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে তার অস্ত্রোপচার হয়।
শনিবারে সকালে তানভীর শাকিল বলেন, ‘আব্বার প্রচুর রক্তক্ষরণ হয়েছিলো। আজকে ও আগামীকাল এই দুইটা দিন ওনার জন্য খুবই ভার্নারেবল। আব্বাকে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘এখন মূল বিষয় হলো আব্বার ব্লাড প্রেশার আর হার্ট-রেট যেন নরমাল থাকে এজন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এভাবে যদি আর দুই দিন কেটে যায় তারপরে হয়তো আব্বা রিকভারি করতে পারবেন। সবার কাছে একটু দোয়া চাই।’




