আফ্রিকায় করোনা আক্রান্তদের খুঁজে বের করছে যৌনকর্মীরা

করোনা রোগীদের সংস্পর্শে আসা সন্দেহভাজন আক্রান্তদের শনাক্ত করতে প্রশাসনকে সহযোগিতা করছে যৌনকর্মীরা। আফ্রিকার জাম্বিয়ার সীমান্ত শহর নাকোন্দেতে এই ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় শহরটির আক্রান্ত ৮৫ জন বাসিন্দাদের মধ্যে ৭৬ জনই যৌনকর্মী আর লরিচালক।
জাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী চিতালু চিলুফিয়া জানান, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে যৌনকর্মীরা সহযোগিতা করছে স্থানীয় প্রশাসনকে।
তিনি বলেন, যৌনকর্মী বেশ সহযোগী ভূমিকা পালন করছে। আমরা যা যা তথ্য চাচ্ছি কোনো কিছু লুকাচ্ছে না তারা।
আফ্রিকার দেশটিতে এখন পর্যন্ত ৪৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭ জন।
প্রতিবেশী তাঞ্জিনিয়ার সঙ্গে পণ্য পরিবহনে ব্যস্ততম শহর নাকোন্দে। শহরটিতে সারি সারি লরি দেখা যায়। দুই দেশের মধ্যে চলাচলকারী এসব লরির চালকেরা করোনা ঝুঁকিতে আছে।
জাম্বিয়া কর্তৃপক্ষ জানায়, লরিচালকেরা অনেক শহরে থামে এবং অনেক যৌনকর্মীদের সঙ্গে তাদের জানাশোনা আছে।
এখন আক্রান্ত লরিচালক ও তাদের সংস্পর্শে আসা অন্য চালক ও সহযোগিদের শনাক্ত করতে এগিয়ে এসেছে যৌনকর্মীরা। লরিচালকদের সঙ্গে তারা যোগাযোগ করছেন। তাদের সম্পর্কে নানা তথ্য দিচ্ছে কর্তৃপক্ষকে
যৌনকর্মীদের কাছ থেকে সন্দেহভাজন আক্রান্তদের ফোন নম্বর সংগ্রহ করছে কর্তৃপক্ষ। এরপর সন্দেহভাজন আক্রান্তদের সঙ্গে যোগাযোগ করে তাদের করোনা পরীক্ষার অধীনে আনা হচ্ছে।




