sliderস্থানিয়

হরিরামপুরে পর্যটকের ওপর হামলা-লুটের অভিযোগে আটক ৪

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে পর্যটকের ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা লুটের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বয়ড়া খালপাড় এলাকার আন্ধারমানিক পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে স্থানীয় পর্যটক নাঈম মোল্লা আন্ধারমানিক পদ্মা নদীর ঘাটে ঘুরতে যান। এ সময় ৬-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর নাঈম মোল্লা হরিরামপুর থানায় গিয়ে বিষয়টি জানান। তার দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটকরা হলেন—আন্ধারমানিক এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২), একই এলাকার সাইফুল মিয়ার ছেলে মো. সাগর (২১), দড়িকান্দি এলাকার শরীফ শিকদারের ছেলে অভি শিকদার (২৩) এবং দিয়াপাড় এলাকার সাইম হোসেন (২৪)।

হরিরামপুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে বলেন, “আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button