উপমহাদেশশিরোনাম

নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসি কার্যকর

ভারতের দিল্লিতে নির্ভয়ার গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) ভোরে সূর্য ওঠার আগেই দিল্লির তিহার জেলে চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চার আসামি হলেন- অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুকেশ সিং। ভারতে ২০১৫ সালের পর এই প্রথম মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হলো।
রায় ঘোষণার পর নির্ভয়ার মা সাংবাদিকদের বলেন, আজ অনেকটা শান্তি পেলাম। অবশেষে আমার মেয়ে সুবিচার পেলো। সারাদেশ এই অপরাধের জন্যে লজ্জিত ছিল। দেশবাসীও সুবিচার পেলেন।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁসির মঞ্চে নেওয়ার আগে আসামিদের মেডিক্যাল পরীক্ষা করা হয়। পরে তিহার কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবাই সুস্থ আছে। এবং অবশেষে দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর, শুক্রবার ভোরে ফাঁসিতে ঝুলিয়ে চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
খুনিদের ফাঁসি কার্যকরের পর এই দিনটিকে ‘নির্ভয়া ন্যায় দিবস’ হিসেবে পালন করতে আবেদন জানিয়েছেন তার বাবা। আর তার মা আশা দেবী বলেছেন, বিচার দেরিতে এসেছে তবে শেষ পর্যন্ত পার পায়নি খুনিরা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ডের তারিখ পেছানোসহ বিভিন্ন আবেদনের কারণে ফাঁসির নির্ধারিত সময়ের পৌনে দুই ঘন্টা আগ পর্যন্ত সুপ্রিম কোর্টে চলেছে শুনানি। তবে সব আবেদনই খারিজ করে রাত ৩টা ৪৫ মিনিটে চূড়ান্ত রায় জানিয়ে দেন সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের ওই তরুণী তার বন্ধুর সঙ্গে একটি সিনেমা দেখতে গিয়েছিলেন দক্ষিণ দিল্লিতে। ফেরার পথে তারা বাসের জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ফাঁকা বাসে তাদের তুলে নেয়া হয়। বাসে ছিল ছয়জন ব্যক্তি। এরপর তারা ওই তরুণীকে ধর্ষণ ও লোহার রড দিয়ে নির্যাতন করে কয়েক ঘণ্টা ধরে। তারপর রাস্তায় ছুড়ে ফেলে দেয়। তার সঙ্গীও আহত হন। ২৯ ডিসেম্বর মৃত্যু হয় ওই তরুণীর। গোটাভারত ক্ষোভে গর্জে উঠেছিল এমন অমানুষিক বর্বরতার বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যমও গুরুত্ব দিয়ে এ খবর প্রকাশ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button