ঘূর্ণিঝড়ের কারণে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-ভারত দ্বিতীয় ম্যাচ

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ৫ নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড়টি তীব্র আকার ধারণ করবে এবং এর পর থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এই ম্যাচের আগে ৬ নভেম্বর ঘূর্ণিঝড় পেরোতে পারে গুজরাট। ফলে ৭ নভেম্বর এই রাজ্যে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে গুজরাটের তীরবর্তী এলাকা থেকে ৪০০ কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থান করছিল ‘মহা’। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গুজরাটের ওপর দিয়ে যাবে ঘূর্ণিঝড়টি। আর বৃহস্পতিবারই ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

দিল্লিতে বায়ু দূষণের মধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগের দারুণ দৃঢ়তায় টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশ দলের লক্ষ্য, ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়া।
গতকাল সোমবার দিল্লি থেকে রাজকোটে যাওয়ার আগে সাংবাদিকদের তরুণ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। পরের ম্যাচে ভালো খেলতে পারলে আশা করি সিরিজ জিতব।’

সিরিজের প্রথম ম্যাচে ২২ রানে দুই উইকেট নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে বিপ্লবের ভূমিকা ছিল প্রশংসনীয়। নিজের সাফল্য নিয়ে তিনি বলেন, ‘ভারত অনেক বড় দল। তাদের সঙ্গে ভালো করা অনেক আনন্দের। আমাদের লক্ষ্য পরের ম্যাচে ভালো করা। আমাদের কোচ ডেনিয়েল ভেট্টোরি আছেন। তাঁর সঙ্গে আলাপ করব, কীভাবে এগোনো যায়, আরো উন্নতি করা যায়।’
পার্সটুডে




