
ভারতের চূড়ান্ত নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন নয়া দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এনআরসি নিয়ে কোনো সমস্যা নেই। ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাসে আপাতত সেই উদ্বেগ কেটে গেছে।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর জানানো হয়, এনআরসি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন বলে ভারতীয় প্রধানমন্ত্রীকে জানানো হয়। তবে নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন যে, এনআরসি নিয়ে বাংলাদেশের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
নিউ ইয়র্কে মোদির দেওয়া আশ্বাসে তিনি সন্তুষ্ট কিনা জানতে চাওয়া হলে শেখ হাসিনা বলেন, অবশ্যই। আমি কোনো সমস্যা দেখছি না। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার কথা হয়েছে। সবকিছু ঠিকই আছে।
উল্লেখ্য গত ৩১ আগস্ট আসামের চূড়ান্ত নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশ হয়। এই তালিকা থেকে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন বাসিন্দা পড়েছেন। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে দাবি করে আসামের অর্থমন্ত্রী বলেছিলেন, বাদ পড়াদের মধ্যে ১৫ থেকে ১ লাখ মানুষকে বাংলাদেশে ডিপোর্ট বা ফেরত পাঠানো হবে। এরপর বিজেপি সরকারের আরও কয়েকজন ক্ষমতাধর নেতা একই কথা বলেছেন। বিষয়টি বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাড়ায়।




