মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় সেনাজোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ১৭ জন চক্ষু রোগীকে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাজেক সেনাজোনের ব্যবস্থাপনায় রোগীদের চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়।
সেনাজোন সূত্রে জানা যায়, সম্প্রতি সাজেক এলাকায় আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। সেখানে ছানি ও অন্যান্য জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত ১৭ জন রোগীকে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়।
নির্বাচিত রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, অস্ত্রোপচারসহ সার্বিক চিকিৎসা ব্যয় সাজেক সেনাজোনের পক্ষ থেকে বহন করা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুর্গম সাজেক এলাকায় উন্নত চক্ষু চিকিৎসার সুযোগ সীমিত। ফলে অনেক মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। এমন পরিস্থিতিতে সেনাজোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পাওয়ায় উপকারভোগী রোগীরা উপকৃত হচ্ছেন।
সাজেক সেনাজোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্গম এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।