মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি:, ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে স্পিডবোট দূর্ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রতীক কুমার কুন্ডু সহ নয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক নয়টার দিকে নলছিটি পৌরসভাধীন গৌরিপাশা এলাকায় অভিযানে ব্যবহৃত স্পিডবোট নিয়ন্ত্রণ হাারিয়ে সুগন্ধা নদীর তীরে এমএম ব্রিক ফিল্ডে ঢুকে পড়লে এ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক জিসান আহমেদ।
এতে অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক কুমার কুন্ডু, স্পিডবোট চালক আশরাফুল ইসলাম, আনসার সদস্য জসিম উদ্দিন, রেজাউল আলম, স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন, খান মোহাম্মদ মিল্লাত, জিসান আহমেদ, সিফাত ইসলাম, রায়হান ইসলাম ও খোরশেদ আলম আহত হয়েছেন।
স্পিডবোট চালক মো. আশরাফুল ইসলাম জানান, “বিকেলে সুগন্ধা নদীর দপদপিয়াসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নলছিটি স্টিমারঘাটের দিকে যাচ্ছিলাম। এসময় স্পিডবোটের পাখায় ময়লা ধরে আমরা থামিয়ে সেগুলো পরিস্কার করে বোট চালু করতেই প্রচন্ড স্পিডে নদীর তীরে ফেলে রাখা ইটের স্তুপের উপরে বোট উঠে যায়। তারপর আর আমার কিছু মনে নেই।”
দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং গুরুত্বতর আহত চালক আশরাফুল ইসলাম ও আনসার সদস্য রেজাউল আলমকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আমাদের পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত আছেন।