মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সার্বিক পরিবেশ, মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন— কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূজামণ্ডপ ঘুরে দেখার সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।” তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, কাজিপুরের প্রতিটি মণ্ডপে শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পূজা উদযাপন কমিটি সমন্বিতভাবে কাজ করছে।
উল্লেখ্য, জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের নিবিড় তদারকি ও পরিদর্শন দুর্গাপূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মাঝে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে দিয়েছে।