
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই জাপানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২ কেজি সোনার বার উদ্ধার করা হয়। ওই দুই জাপানি নাগরিক নাম তাকিও মিমুরা ও সুইচি সাতো। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইট ঢাকায় আসে। ফ্লাইটটিতে ওই দুই জাপানি নাগরিক আসেন। তাদের কাছে মোট ৩০টি সোনার বার পাওয়া যায়। জব্দ সোনার বারের ওজন ১২ কেজি। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
সংস্থাটি আরো জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে, এয়ার এশিয়ার একটি ফ্লাইটে আসা জাপানি যাত্রীদের মাধ্যমে সোনা চোরাচালান হবে। গোয়েন্দারা ফ্লাইটটির যাত্রীদের দিকে নজর রাখে। একপর্যায়ে দুই জাপানি যাত্রীকে শনাক্ত করা হয়। তাদের নজরদারিতে রাখা হয়। তারা গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের কাছে সোনা আছে কি না, জানতে চান শুল্ক গোয়েন্দারা। তারা সোনা থাকার কথা অস্বীকার করেন।
এরপর তাদের লাগেজ স্ক্যানিং করে কিছু না পাওয়া যায়নি। পরে শরীর আর্চওয়ে করে ধাতব বস্তুর উপস্থিতির সংকেত পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দুজনের শরীর তল্লাশি করা হয়। এসময় তাদের হাফ প্যান্টের ভেতর বিশেষভাবে তৈরি পকেটে ৩০টি সোনার বার পায় কাস্টমস গোয়েন্দারা।
দুই জাপানি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



