রাত পোহালেই শুরু কোপা আমেরিকা

লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকার পর্দা উঠবে শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। স্বাগতিক দেশ ব্রাজিলের ৫ শহরের ৬টি স্টেডিয়ামে হবে পুরো টুর্নামেন্টের ২৬টি ম্যাচ।
বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা। ১৯১৬ সালে প্রথম কোপা আমেরিকার আসর বসেছিল আর্জেন্টিনায়। তখন টুর্নামেন্টের নাম ছিল সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। এরপর ১৯৭৫ সাল থেকে টুর্নামেন্টের নাম হয় কোপা আমেরিকা।
কোপা আমেরিকার ইতিহাসের ৪৬তম আসর এটি। কোপা আমেরিকায় আধিপত্য উরুগুয়ের। টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন তারা। তবে খুব পিছিয়ে নেই আর্জেন্টিনা।
সবশেষ ১৯৯৩ সালে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলেও, তাদের ট্রফি কেবিনেটে শিরোপা রয়েছে ১৪টি। ব্রাজিল কোপা জিতেছে ৮ বার। ২ বার করে কোপা জিতেছে প্যারাগুয়ে, চিলি এবং পেরু।
এর মধ্যে চিলি আবার নিজেদের দুইটি শিরোপাই জিতেছে সবশেষ দুই আসরে। সে দুই আসরেই ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। এবারের আসরে হ্যাটট্রিক শিরোপার মিশনে নামবে তারা। এছাড়া ১ বার করে কোপা আমেরিকা জিতেছে কলম্বিয়া এবং বলিভিয়া।
এসব পরিসংখ্যানে পরিবর্তন আসতে পারে আগামী ৭ জুলাইয়ের পর, আবার প্রথমবারের মতো শিরোপা জিততে পারে নতুন কোনও দল। শনিবার ভোরে স্বাগতিক ব্রাজিল ও বলিভিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। গ্রুপ পর্ব ও নকআউট পর্বের ২৬ ম্যাচের লড়াই শেষে আগামী ৭ জুলাই শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে আসরে সেরা দুই দল।
সাধারণত ১২ অথবা ১৬ দল নিয়ে হয়ে থাকে কোপা আমেরিকা। সে ধারাবাহিকতায় এবারের টুর্নামেন্টেও থাকছে ১২টি দল। দক্ষিণ আমেরিকান কনমেবল থেকে ১০টি দল এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে ২টি দল নিয়ে করা হয়েছে ১২টি দল।
যেখানে আমন্ত্রণমূলক দল হিসেবে অংশ নেবে এশিয়ান ফুটবল ফেডারেশনের দুই দেশ জাপান ও কাতার। মূলত ১২ দল নিয়ে টুর্নামেন্টের ফরম্যাট দাঁড় করানোর জন্যই জাপান ও কাতারকে আমন্ত্রণ জানিয়েছে কনমেবল। ১২টি দলকে ৩টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে।
নিজেদের মাঠে এর আগে সবশেষ ২০১৪ বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল। সেবার সেমিফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয় সাম্বার দেশ ব্রাজিলকে। সেই দুঃখ এবার ঘোচাতে চাইবে স্বাগতিক হিসেবে কোপা আমেরিকার শিরোপা জিতে।
‘এ’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু। ব্রাজিল কোপার শিরোপা সবশেষ জিতেছিল ২০০৭ সালে। এখন পর্যন্ত আটবার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।
এদিকে কোপার শেষ দুটি আসরে ফাইনালে উঠলেও শিরোপা ছাড়াই ঘরে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। ফুটবলে বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি এখনও দেশের হয়ে জিততে পারেননি আন্তর্জাতিক শিরোপা। আর্জেন্টিনা সবশেষ কোপা আমেরিকা জিতেছিল ১৯৯৩ সালে। এবারের কোপা আমেরিকা হতে পারে মেসির জন্য আশীর্বাদ। শিরোপা জিতে মেসি আক্ষেপ ঘোচাতে পারেন কি না তা তো সময়ই বলে দেবে।
‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। কাতার এবারই প্রথমবারের মতো খেলতে এসেছে কোপা আমেরিকায়। আর্জেন্টিনা স্কোয়াডে অভিজ্ঞ বলতে গেলে মেসিই। দেশের হয়ে এখন পর্যন্ত ১৩০ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬৭টি। কোপার গত দুই আসরে টাইব্রেকে চিলির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। তবে কোপা আমেরিকার দ্বিতীয় সেরা দল কিন্তু আর্জেন্টিনাই। ১৪ বার কোপার শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল আয়োজক হলেও এ টুর্নামেন্টে ২৬ বছরের অপেক্ষা ঘূচাতে চাইবে আলবিসেলেস্তরা।
বর্তমান চ্যাম্পিয়ন চিলির ‘সি’ গ্রুপের বাকি তিন দল হলো জাপান, ইকুয়েডর এবং উরুগুয়ে।
এ তিন গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানারআপ ছয় দল সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে। এছাড়া সুযোগ থাকবে গ্রুপের তৃতীয় হওয়া দুই দলের। এক্ষেত্রে তিন গ্রুপের তৃতীয় হওয়া তিনদলের মধ্যে সেরা ২টিকে দেয়া হয়ে পরবর্তী রাউন্ডের টিকিট। এরপর নকআউট পদ্ধতিতে চলবে বাকি টুর্নামেন্ট।




