বিনোদন

নতুন বছরে বলিউড কাঁপাবেন তিন তরুণী

চলতি বছরটা ভালোই কেটেছে হিন্দি চলচ্চিত্র অঙ্গন বলিউডের। বেশ কয়েকটি অসাধারণ সিনেমা উপহার দিয়েছেন নির্মাতারা। বক্স অফিসেও ভালো ব্যবসায় দেখিয়েছে অনেক চলচ্চিত্র। ভিন্নধর্মী গল্প নিয়েও হাজির হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র। বাণিজ্যিক ধারার সিনেমা যেমন মুক্তি পেয়েছে, তেমনি মুক্তি পেয়েছে সামাজিক ইস্যুনির্ভর সিনেমাও।
চলতি বছরে বলিউডের আরেকটি লক্ষণীয় বিষয় ছিল নবাগতদের আগমন। একাধিক তারকা-সন্তান পা রেখেছেন হিন্দি সিনেমার দুনিয়ায়। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রয়াত শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর এবং সাইফ আলি খান-অমৃতা সিংয়ের বড় কন্যা সারা আলি খান।
‘ধড়ক’ সিনেমা দিয়ে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। এ সিনেমায় তিনি জুটি বাঁধেন আরেক নবাগত ঈশান খট্টরের সঙ্গে, যিনি ‘বাত্তি গুল মিটার চালু’ অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই। বক্স অফিসে বেশ ভালো সংগ্রহ করে ছবিটি।
বছরের শেষ মাসটিতে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে পা রেখেছেন সারা আলি খান। গত ৭ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। ইতিমধ্যে বক্স অফিসে ৫০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে তাঁর সিনেমা। ২৮ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’।
যাহোক, শোনা যাচ্ছে নতুন বছরে বেশ কয়েকজন তারকা-সন্তানের অভিষেক হতে পারে বলিউডে। ইতিমধ্যে কয়েক তরুণী সে জল্পনা বাড়িয়েছে। মনে হচ্ছে, নতুন বছরটা প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের আলোয় জ্বলে উঠবে বি-টাউন।
বেশ কয়েক নতুন মুখ সংবাদের শিরোনাম হয়েছেন বহুবার। নতুন বছরের ক্ষণগণনা শুরু হয়ে গেছে!
নতুন বছরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে একসময়ের খ্যাতনামা অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার সিক্যুয়েলে অভিনয় করছেন তিনি। একই সিনেমায় অভিষেক হবে আরেক প্রতিশ্রুতিশীল অভিনেত্রী, মডেল, কণ্ঠশিল্পী তারা সুতারিয়ার। বলিউডের বর্ষীয়ান তারকা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ জুটি বাঁধবেন এই দুই তরুণীর সঙ্গে।
এর আগে টাইগার বলেছিলেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’ হবে মজার সিনেমা। একে ‘পপকর্ন ফিল্ম ‘বলে অভিহিত করেন হালের এ সেনসেশন।
বছরের শেষার্ধে ঘোষণা আসে, বলিউডে অভিষেক হতে যাচ্ছে আরেক তারকা পরিবারের সন্তান প্রানুতন বেহলের। কিংবদন্তি অভিনেত্রী নুতন বেহলের নাতনি প্রানতুন। আগামী বছরের ২৯ মার্চ মুক্তি পাবে তাঁর প্রথম ছবি ‘নোটবুক’। কিছুদিন আগে মুক্তির দিন ঘোষণা করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। এ ছবির প্রযোজক তিনি।
‘নোটবুক’ প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস ও সিনে ওয়ান স্টুডিও। ভালোবাসার গল্প দিয়ে সাজানো হয়েছে ‘নোটবুক’। কাশ্মীরে ইতিমধ্যে শুটিংও হয়ে গেছে। খবরে প্রকাশ, টানা দুই মাস দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শুটিং চলেছে সিনেমাটির।
অভিষেকের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত ও অনুসরণকারী তিন সুন্দরী অনন্যা পান্ডে, তারা সুতারিয়া ও প্রানুতন বেহলের।
ইনস্টাগ্রামে অনন্যার অনুসরণকারী আট লাখ ৪৭ হাজারের বেশি, তারার অনুসরণকারী চার লাখ ১৩ হাজারের বেশি ও প্রানতুনের অনুসরণকারী ৬৮ হাজারের বেশি। তাঁদের নায়িকারূপে রুপালি পর্দায় দেখার জন্য উন্মুখ ভক্তরা। গণমাধ্যমকর্মীরাও ছুটছেন এই তিন তরুণীর পেছনে। এর পরের কথাগুলো সময়ই বলে দেবে। সূত্র : বলিউড লাইফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button