রাজনীতি

সংলাপের প্রস্তুতি নিয়ে বৈঠকে ঐক্যফ্রন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে প্রতিনিধি দল চূড়ান্তসহ সার্বিক প্রস্তুতির জন্য বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক শুরু হয়েছে।
বৈঠকের আগে জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন গণমাধ্যমকে জানান, আমরা সংলাপের বিষয় নিয়েই আজ বৈঠকে বসছি। সংলাপ অর্থবহ করা যায় কীভাবে, তাই নিয়েই প্রাথমিক আলোচনা হবে। প্রতিনিধি দলের তালিকাও ঠিক হবে। তবে তালিকা যে কোনো সময় পরিবর্তন হতে পারে।
বৈঠকে উপস্থিত রয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।
উল্লেখ্য, সংকট সমাধানে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টায় আগামী ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র পৌঁছে দেন দলের দফতর সম্পাদক আব্দুল সোবহান গোলাপ।
প্রধানমন্ত্রীর চিঠিতে বলা হয়, অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সব বিষয় আলোচনার জন্য আমার দরজা সর্বদা উন্মুক্ত। তাই আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button