খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ড্যাবের মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য দ্রুত ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবিতে শুক্রবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, বেগম জিয়া একজন বর্ষীয়ান নেত্রী। তিনি গুরুতর অসুস্থ। তার চিকিৎসা দ্রুত করা না হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। চিকিৎসার ব্যাপারে উদাসীনতা দেখিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘন করে বর্তমান সরকার ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে।
ড্যাব নেতৃবৃন্দ বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসনের মত জাতীয় নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন কারারুদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানাচ্ছি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক। বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু, ডাঃ মোঃ আব্দুস সালাম, অধ্যাপক ডাঃ হারুন-উর-রশিদ, কৃষিবিদ শামীমুর রহমান, ডাঃ শহীদ হাসান, অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক ডাঃ সিরাজুল ইসলাম, ডাঃ আমজাদ আলী লিটন, ডাঃ জহিরুল ইসলাম শাকিল, ডাঃ নাসির উদ্দিন পনির, ডাঃ মেহেদী হাসান প্রমুখ।




