খেলা

‘পুরো ক্রিকেট বিশ্ব মাশরাফিকে সম্মান করে’

গত দুই-আড়াই বছরে তাঁর নেতৃত্বে দারুণ কিছু সাফল্য ঘরে তুলেছে বাংলাদেশ। তাই মাশরাফি বিন মুর্তজাকে বলা হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক। তা ছাড়া ব্যক্তি মাশরাফিও অন্য সবার চেয়ে আলাদা। সুখে-দুঃখে খেলোয়াড়দের পাশে থাকেন বলে সবার কাছে একটা সম্মানীয় জায়গাও তৈরি করে ফেলেছেন তিনি।
এখন নতুন করে শোনা গেল, পুরো ক্রিকেট বিশ্বেই নাকি মাশরাফি সম্মানের পাত্র। কথাটা বলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সে নাম লেখানো ব্রেন্ডন ম্যাককালাম। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি আমি মাশরাফির নেতৃত্বে খেলতে মুখিয়ে আছি। এর আগেও আমরা একসঙ্গে খেলেছিলাম, কলকাতা নাইট রাইডার্সে। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালো। তাঁর সম্পর্কে যদি বলতে হয়, শুধু বাংলাদেশেই নয়— পুরো ক্রিকেট বিশ্বই তাঁকে সম্মান করে।’
বিপিএলে এবার রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন ম্যাককালাম। দলের সাফল্যেও আশাবাদী এই কিউই ক্রিকেটার বলেন, ‘আমাদের এই দলটি বেশ ভারসাম্যপূর্ণ। আমাদের অধিনায়কও ঠান্ডা মেজাজের। তাই আমার বিশ্বাস, এই দল নিয়ে সাফল্য পাওয়া অসম্ভব নয়। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলেই কেবল সম্ভব হবে সাফল্য পাওয়া।’
মাশরাফির অধিনায়কত্বে গত দুই-আড়াই বছরে, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে দারুণ কিছু সাফল্য ঘরে তুলেছে। ২০১৫ সালে ঘরের মাঠে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজের দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছিল। তা ছাড়া বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে এবং চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছিল তাঁর অধিনায়কত্বে। দলকে এই সাফল্য এনে দিয়ে অনন্য উচ্চতায় উঠে যান নড়াইল এক্সপ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button