রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব বরাবর বামদলগুলোর স্মারকলিপি

রোহিঙ্গা জনগণের ওপর মিয়ানমারের সরকারের গণহত্যা ও বর্বরতা বন্ধসহ পাঁচ দফা দাবিতে জাতিসংঘ মহাসচিব বরাবর গণস্বাক্ষর অভিযানে সংগৃহীত স্বাক্ষরসহ স্মারকলিপি আজ ঢাকার জাতিসংঘ অফিসে হস্তান্তর করা হয়েছে।
রবিবার জাতিসংঘ ঢাকা অফিসের প্রধানের অনুপস্থিতে উর্ধ্বতন কর্মকর্তা হেনরি গ্লোরিয়েক্স স্মারকলিপি গ্রহণ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে দেশব্যাপী এ গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সিপিবি-বাসদ ও বাম মোর্চার পক্ষে স্মারকলিপি হস্তান্তর করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। এছাড়াও সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।
স্মারকলিপি হস্তান্তর পরবর্তী ব্রিফিং-এ সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, চীন, রাশিয়া, ভারত মিয়ানমারে তাদের ব্যাপক বিনিয়োগের স্বার্থে রোহিঙ্গা ইস্যুতে সহমর্মিতা প্রকাশ করলেও মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আগ্রহী নয়।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদে চীন-রাশিয়ার ভেটো ক্ষমতার কারণে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রোহিঙ্গাদের ওপর পরিচালিত গণহত্যা, বর্বরতা বন্ধে মিয়ানমারকে বাধ্য করা সম্ভব নাও হতে পারে। সে কারণে বিষয়টিকে সাধারণ পরিষদে উত্থাপন করে আলোচনার পর সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সমর্থন অর্জনের জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে।
সিপিবি সভাপতি বলেন, আমরা সারাদেশে গণস্বাক্ষর অভিযান পরিচালনা করেছি। প্রথম দফায় ২৫টি জেলায় লক্ষাধিক স্বাক্ষরসহ আজকে আমরা স্মারকলিপি জমা দিচ্ছি। পরবর্তীতে অন্যান্য জেলার গণস্বাক্ষরসমূহ জাতিসংঘ ঢাকা অফিসে জমা দেওয়া হবে।
তিনি জাতিসংঘের কাছে আবেদনের পাশাপাশি দেশবাসীকে রোহিঙ্গা ঘটনায় সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো দুষ্ট চক্র যাতে এ ইস্যুকে ব্যবহার করে দেশের অভ্যন্তরে সাম্প্রাদায়িক ও সামাজিক অস্থিরতা সৃষ্টির সুযোগ না পায় তার নজর রাখতে হবে।
বাসস




