প্রবাস

ফোবানা অ্যাওয়ার্ড পেল পিপল এন টেক ইনস্টিটিউট

মার্কিন আইটি কোম্পানিতে ১৫ হাজারের অধিক বাংলাদেশীকে চাকরি পাওয়ার উপযোগী প্রশিক্ষণ দেয়ার জন্য পিপল এন টেক ইনস্টিটিউটকে ফোবানা অ্যাওয়ার্ড দিলো ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) কর্তৃপক্ষ। গত রোববার রাতে মায়ামী হায়াত রিজেন্সি হোটেলের বলরুমে হাজারো প্রবাসীর বিপুল করতালির মধ্যে পিপল এন টেক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফকে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করেন প্রবাসের আরেক উদ্যোক্তা-ব্যবসায়ী কালি প্রদীপ চৌধুরী। অ্যাওয়ার্ড গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে ইঞ্জিনিয়ার হানিফ বলেন, গত ১২ বছরের অধিক সময় ধরে বাংলাদেশী উদ্যমী যুবক-যুবতীদের কোর্স প্রদান করা হচ্ছে পিপল এন টেক ইনস্টিটিউটের ছয়টি ক্যাম্পাসে। একইসাথে অনলাইনেও কোর্স গ্রহণ করেন কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। তিন মাসের কোর্স শেষে এ যাবত ১৫ হাজার বাংলাদেশী উচ্চ বেতনে চাকরি পেয়েছেন আমেরিকান আইটি কোম্পানিতে।
উল্লেখ্য, ৬ অক্টোবর থেকে তিন দিনব্যাপী ফোবানার ৩১তম বাংলাদেশ সম্মেলনে আরো কয়েকজনকে ফোবানা অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য। এ সময় ফোবানার হোস্ট কমিটির আহ্বায়ক এম রহমান জহীর, সদস্যসচিব আরিফ আহমেদ আশরাফ ও প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদে শের পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেয়ারটেকার সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, উদ্যোক্তা-ব্যবসায়ী ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button