বাংলাদেশ সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি

২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করতে চান দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন। আগামী সপ্তাহে থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে প্রোটিয়ারা। এই সিরিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্য নির্ধারণ করে গিবসন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। ঐ টুর্নামেন্টের শিরোপা জয়ের জন্য আমরা মুখিয়ে আছি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই লক্ষ্য পূরণের যাত্রা শুরু করতে চাই আমরা।’
সদ্যই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দাপটের সাথে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেরা নৈপুন্য প্রদর্শন করেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় প্রোটিয়ারা। কিন্তু দক্ষিণ আফ্রিকার আসল লক্ষ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। বছরের পর বছর ক্রিকেটের মৌসুমগুলোতে দুর্দান্ত পারফরন্স করলেও এখন পর্যন্ত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারেনি তারা।
তাই এবার ২০১৯ বিশ্বকাপকে প্রধান লক্ষ্য বানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ গিবসন। ইতোমধ্যে বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে অধিনায়ক, নির্বাচকদের সাথে নিয়ে আলাপ আলোচনাও সেড়েছেন গিবসন, ‘২০১৯ বিশ্বকাপের আগে আমরা ৩০ থেকে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবো আমরা। অধিনায়ক, আমি এবং নির্বাচকরা একসাথে বেশ কয়েকবার বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছি। ইংল্যান্ডের কন্ডিশনে যারা ভালো খেলতে পারবে তাদেরকেই সুযোগ দিতে চাই আমরা। গেল বছর আমরা ১৫ বা ১৬ জনের একটি তালিকা তৈরি করেছিলাম। কিন্তু এখনও অনেক সময় বাকী আছে।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ে বেশ আনন্দিত গিবসন। তাই দলের প্রশংসা করে গিবসন বলেন, ‘মৌসুম শুরুর আগে সকলেই বলেছিলো- সহজ সিরিজ। কিন্তু আপনাকে মাঠে যেতে হবে এবং ক্রিকেট খেলতে হবে। আমরা যে ক্রিকেট খেলেছি তাতে বেশ খুশী। আমি খেলোয়াড়দের বলেছি- যদি তোমরা বিশ্বাস করো প্রতিপক্ষ খুব বেশি ভালো নয়, তবে তোমাদের সেরা মানের খেলতে হবে এবং আমরা উচ্চ মানের ক্রিকেট খেলেছি।’
টেস্ট সিরিজ শেষে আগামী ১৫ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। কিম্বার্লিতে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।




