মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে কোনো প্রকার বৈধ কাগজপত্র ও রুট পারমিট ছাড়া অতিরিক্ত বালু পরিবহনের দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আছের (২৫)। তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের তারা শেখের পুত্র।
সোমবার (১৪ সেপ্টেম্বর)বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের উপজেলা পরিষদের সামনে এ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঢাকনাবিহীন একটি ট্রাকে ধারণক্ষমতার অতিরিক্ত বালু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটির কোনো বৈধ কাগজপত্র কিংবা রুট পারমিট ছিল না। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামানো হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪ ও ১৬ ধারা মোতাবেক চালক আছেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহানাজ পারভীন।
অভিযান পরিচালনাকালে কাজিপুর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) রাফেল চম্বুর নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহানাজ পারভীন জানান, “অবৈধ উপায়ে বালু উত্তোলন, পরিবহন এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।”
