sliderস্থানিয়

নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা

তপন দাস, নীলফামারী: সীমান্ত ট্রেনে ভুলবশত ফেলে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে নেদারল্যান্ডসের এক নাগরিকের হাতে ফিরিয়ে দিয়েছেন রেলওয়ের দায়িত্বশীল কর্মীরা। তাঁদের আন্তরিকতা, সততা ও দ্রুত পদক্ষেপে গুরুত্বপূর্ণ মোবাইল ফোনটি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ওই বিদেশি নাগরিক।

জানা যায়, নেদারল্যান্ডসের নাগরিক এরিনা চিলাহাটিগামী সীমান্ত ট্রেনে ভ্রমণের সময় ভুলবশত নিজের মোবাইল ফোনটি ট্রেনের কেবিনে রেখে নীলফামারী রেলস্টেশনে নেমে যান। যাত্রার ব্যস্ততা কিংবা নামার তাড়াহুড়োয় ফোনটি কেবিনে থেকে যাওয়ায় পরে বিষয়টি বুঝতে পেরে দুশ্চিন্তায় পড়েন তিনি।

এদিকে ট্রেনের কেবিনে পড়ে থাকা মোবাইল ফোনটি দেখতে পেয়ে টিটিই রাসেল সেটি উদ্ধার করেন। ফোনের প্রোফাইল ছবি দেখে তিনি বুঝতে পারেন, মোবাইলটির মালিক একজন বিদেশি নাগরিক। পরে নীলফামারী স্টেশনে ওই যাত্রীকে খুঁজে না পেয়ে উপস্থিত লোকজনের সহযোগিতায় তিনি কোন অটোরিকশায় করে গেছেন, তা জানার চেষ্টা করা হয়।

একপর্যায়ে সংশ্লিষ্ট অটোরিকশাচালকের ফোন নম্বর সংগ্রহ করে এরিনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তাঁকে জানানো হয়, তাঁর হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি নীলফামারী রেলস্টেশনে নিরাপদ হেফাজতে রয়েছে।

পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মোবাইল ফোনটি নেদারল্যান্ডসের নাগরিক এরিনার হাতে তুলে দেওয়া হয়। নিজের গুরুত্বপূর্ণ ফোনটি ফিরে পেয়ে তিনি আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন এবং রেলওয়ের কর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

এ ঘটনায় টিটিই রাসেল, ট্রেন পরিচালক অসিত কুমার বিশ্বাস ও টিটিই নিরাপতির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন ওই বিদেশি নাগরিক। তাঁদের সহযোগিতা ও সততা একজন বিদেশি পর্যটকের কাছে বাংলাদেশের মানুষের মানবিকতা ও দায়িত্ববোধের সুন্দর উদাহরণ হয়ে উঠেছে।

হারানো ফোন উদ্ধার ও ফিরিয়ে দেওয়ার এই ঘটনা নীলফামারী রেলস্টেশনের কর্মীদের সততা, মানবিকতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button