sliderস্থানিয়

বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনাল ম্যাচে হিল ভয়েজকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। শেষ পর্যন্ত চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে ২-০ গোলের জয় তুলে নেয় হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার্সআপ দল হিল ভয়েজকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি দেওয়া হয়। এছাড়া রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে আরও ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা অতিরিক্ত প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

হিল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় এবং বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দিপু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রেমা চাকমা ও বিল্টু চাকমা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন তালুকদার দিপু বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে এবং ক্রীড়াঙ্গনের প্রসারে রাঙামাটি জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখা এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতেও খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের সমাপ্তি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button