বিরাটের রেকর্ড গুঁড়িয়ে দিলেন আমলা

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ভেঙে গেল ভারতের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড৷ ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রানের নতুন মালিক হাশিম আমলা৷ সোমবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়লেন প্রোটিয়া ব্যাটসম্যান৷
গত বছর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবি ডি’ ভিলিয়ার্সকে টপকে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়েছিলেন বিরাট৷ এদিন ভারতীয় অধিনায়ককে টপকে গেলেন আমলা৷ ১৬১টি ইনিংসে সাজ হাজার রান করেছিলেন বিরাট৷ কিন্তু আমলা বিরাটের থেকে ১০টি ইনিংস কম খেলে ৭ হাজার রানের মাইলস্টোন টপকে যান৷ তবে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড দীর্ঘদিন অক্ষত ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের৷ ১৭৪ ইনিংস এই সাত হাজারের মাইলস্টোন ছুঁয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ ব্রায়ান লারা’র ১৮৩ ইনিংসের চেয়ে ৯টি ইনিংস কম খেলে এই রেকর্ড করেছিলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’৷
আইপিএল-এ দুর্দান্ত ফর্মে থাকা আমলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলারদের অন্যতম থ্রেট৷ তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও ধারাবাহিকতা বজায় রেখেছেন ৩৪ বছরের প্রোটিয়া ব্যাটসম্যান৷




