কাউছার মিয়া, দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে কালীবাড়ি সংলগ্ন এলাকার ঘরবিহীন মানসিক ভারসাম্যহীন শম্ভু কর্মকার দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন। তার এই করুণ অবস্থা দেখে এগিয়ে এসেছে দৌলতপুরের মানবিক যুব সংগঠন ‘সেবাঘর’।
সংগঠনটির উদ্যোগে ও সামাজিক অনুদানের মাধ্যমে শম্ভু কর্মকারকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
জানা যায়, শম্ভু কর্মকার দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ। থাকার কোনো ঘর না থাকায় কালীবাড়ি এলাকায় রাস্তার পাশেই দিনরাত পার করছিলেন তিনি।
পরে বিষয়টি নজরে আসে ‘সেবাঘর’ দৌলতপুর এর সদস্যদের। তারা স্থানীয়ভাবে অনুদান সংগ্রহ করে ঘরটি নির্মাণ করেন।
ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সেবাঘর দৌলতপুর এর আহবায়ক সাজেদুল হাসান ফিরোজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন জয়, যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন মিলন, গোলাম রাসেল, হাবিব রহমান, সদস্য সচিব এ কে আজাদ, যুগ্ম সচিব জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সেবাঘরের সদস্য সানোয়ার হোসেন, জুলহাস উদ্দিন, মঞ্জুরুল ইসলাম, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, কার্তিক পাল সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আবদুস সালাম মাস্টার,জহির মাহমুদ,জাহাঙ্গীর আলম, নারায়ণ কর্মকার, নিরঞ্জন কর্মকার, চিত্তরঞ্জন কর্মকার, সাহিদুল ইসলাম, নিতিন কর্মকার সহ অনেকে।
সেবাঘরের আহবায়ক সাজেদুল হাসান ফিরোজ বলেন, “আমরা চাই সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো ভালো থাকুক। শম্ভু কাকার কষ্ট দেখে আমরা বসে থাকতে পারিনি। সবার সহযোগিতায় তার মাথা গোঁজার ঠাঁই করে দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শম্ভু কর্মকার। তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।