যশোর প্রতিনিধি: যশোর জেলার ভবদহের জলাবদ্ধ এলাকায় শারদীয় দুর্গাপূজায় পিছিয়ে পড়া,অনগ্রসর ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে ।
আজ সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর পূর্ণতিথিতে মনিরামপুর -অভয়নগরের সন্ধিস্থল মশিয়াহাটীর হরি চাঁদ-গুরুচাঁদ মিশন আশ্রম প্রাঙ্গনে সনাতন সেবা সংঘ, মনিরামপুর শাখা এ বস্ত্র বিতরণ করে।
মন্দির কমিটির সভাপতি সঞ্জিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া সাগর সাধু ঠাকুব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিয়াহাটী আঞ্চলিক পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক কর কমিশনার প্রশান্ত রায় ও মতুয়া হরিপদ ধর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সনাতন সেবা সংঘের সভাপতি দেবাশীষ কুমার সরকারসহ সনাতন সেবা সংঘের সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মনিরামপুর সনাতন সেবা সংঘ একটি সমাজকল্যাণমূলক সংগঠন । এর প্রধান কাজগুলো হলো সকল সনাতনী ভাই ও বোনদের মৌলিক চাহিদা পূরণ, যেমন- শিশু, নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী, দুস্থ ও রোগীদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা এবং আমাদের সকল সনাতনীদের ধর্মীয় শিক্ষার সম্প্রসারণের ব্যবস্থা করা। এছাড়াও, সনাতনীদের ওপর নির্যাতনের প্রতিরোধ, সামাজিক কুপ্রথা দূর করা, পরিবেশ রক্ষা, এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সনাতন ধর্মের সামগ্রিক উন্নয়ন সাধন করা।
সনাতন সেবা সংঘের সভাপতি দেবাশীষ কুমার সরকার বলেন, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা,বৃদ্ধ ও প্রতিবন্ধী কল্যাণ,অসুস্থ ও আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, রক্তদানের ব্যবস্থা,সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি,সামাজিক কুপ্রথা, যেমন- যৌতুক ও বাল্যবিবাহ, প্রতিরোধে সচেতনতা সৃষ্টি,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ এবং পরিবেশ দূষণ প্রতিরোধের ব্যবস্থাসহ সমাজকল্যাণমূলক সংস্থা ও সরকারের মধ্যে সমন্বয় সাধন করার লক্ষ্য নিয়ে সনাতন সেবা সংঘ কাজ করে যাচ্ছে।
পরিশেষে উক্ত এলাকার ২০টি পরিবারের দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ করা হয় এবং আগামীকাল আরও অর্ধশতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হবে।