নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ ও সম্মানিত সদস্যদের তালিকা প্রকাশ করেছে কর্মরত গণমাধ্যম কর্মীরা।
তালিকায় সাংবাদিকদের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত থাকার পাশাপাশি সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের তথ্য উঠে এসেছে।
উপজেলায় কর্মরত ৩১ জন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা মিলে রবিবার (১৮ অক্টেবর) রাত ১১ টার দিকে নকলা হল-চত্বরের দ্বিতীয় তলা ভবনে অস্থায়ী কার্যালয় নিয়ে আগামী এক বছরের জন্য প্রেসক্লাব নকলার তালিকা প্রকাশ করেছে।
এতে সভাপতি হিসেবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় কর্মরত মো. শফিউজ্জামান রানা। সিনিয়র সহ-সভাপতি হিসেবে যায়যায়দিনের শফিউল আলম লাভলু, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও আরিফুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম রিজন।
এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাহিত্য ও গবেষণা সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পদে সাংবাদিকদের দায়িত্বের তথ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদেও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নাম রয়েছে। পাশাপাশি সম্মানিত সদস্যদের তালিকায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়।
স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য তুলে ধরা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রেসক্লাবের মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও পেশাদার করতে সকল সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন নবাগত সভাপতি শফিউজ্জামান রানা।