ঠাকুরগাঁও প্রতিনিধি: সাধারণ মানুষের সেবা করা, বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সহযোগিতা করাই রাজনীতির অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কুজিশহর পঞ্চায়েতপাড়া ও কবিরাজপাড়া গ্রামে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় পঞ্চায়েতপাড়ার ৯১ বছর বয়সী জসিম উদ্দিন এবং কবিরাজপাড়ার জন্মগত শারীরিক প্রতিবন্ধী কিশোর মোহাম্মদ শ্রাবণকে নিজ উদ্যোগে একটি করে হুইলচেয়ার প্রদান করেন দেলাওয়ার হোসেন।
তিনি বলেন, সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন, যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন না। বৃদ্ধ ও প্রতিবন্ধী অনেক মানুষ নানা কষ্টে দিন কাটাচ্ছেন। সামর্থ্যবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো। ছোট্ট একটি সহযোগিতাও অসহায় মানুষের জন্য বড় উপকার বয়ে আনতে পারে। তাই আমাদের চারপাশের অসহায় মানুষদের খোঁজখবর রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, “যে রাজনীতি অসহায়ের পাশে থাকে না, যে রাজনীতি অসহায়কে কাছে টানে না, সে রাজনীতি আমি করতে চাই না।”
এ সময় জামায়াতে ইসলামীর রুহিয়া উপজেলা আমীর আব্দুর রশিদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।