
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : পরিবারের মুখে হাসি ফোটাতে ও আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে আজ থেকে দু’বছর পূর্বে, আলবেনিয়ায় পারি জমিয়েছিলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের, উকড়াশাল গ্রামের মৃত মোহাম্মদ মালু মিয়ার কনিষ্ঠ ছেলে মোঃ ওমর ফারুক (২৬)। সেই স্বপ্ন অপূর্ণ রেখেই গতকাল নিজে গ্রামে ফিরলেন লাশ হয়ে।
আলবেনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিকভাবে নিহত হন ওমর ফারুক। ২৪ জুন রাত্রে তার লাশ ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এবং ঐদিন রাতেই জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দু বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে আলবেনিয়া যান ওমর ফারুক। সেখানে তিনি এনসিপি কোম্পানির ফ্যাক্টরিতে ওয়ার্কার হিসাবে কর্মরত ছিলেন। আজ থেকে ঠিক একমাস পূর্বে ২৪ মে আলবেনিয়ার শিহাডসিটি এলাকায় বসবাসরত মেসে ঘুমন্ত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চার ভাই ও দু’বোনের মধ্যে ওমর ফারুক ছিলেন সবার ছোট এবং পরিবারের সচ্ছলতা ফিরাবার তিনিই ছিলেন একমাত্র ভরসাস্থল। তার অকাল মৃত্যুতে পরিবার,আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে পড়েছে পরিবার ও সমগ্র গ্রামের পরিবেশ।




