sliderস্থানিয়

মসজিদের সামনে পাবলিক টয়লেটের বর্জ্য, চরম দুর্ভোগে মানুষ

মোঃআব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়ি পৌরসভার একটি পাবলিক টয়লেটের বর্জ্য পানি সরাসরি মসজিদের সামনের প্রধান সড়কে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও মুসল্লিরা। জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির পাশাপাশি ধর্মীয় অনুভূতিতেও আঘাত হানছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, সড়কের একটি বড় অংশজুড়ে কালচে ও দুর্গন্ধযুক্ত পানি জমে রয়েছে। স্থানীয়দের দাবি, এটি পাবলিক টয়লেটের মানববর্জ্য মিশ্রিত দূষিত পানি। দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য পানি সড়কে প্রবাহিত হওয়ায় পুরো এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দুর্গন্ধের কারণে সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে আশপাশের দোকানপাট ও বসতবাড়ির বাসিন্দারাও ভোগান্তির শিকার হচ্ছেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, দূষিত পানি জমে রয়েছে একটি মসজিদের ঠিক সামনে। প্রতিদিন শত শত মুসল্লি এই পথ ব্যবহার করে মসজিদে যাতায়াত করেন। ফলে পবিত্রতা বজায় রেখে নামাজ আদায়ে বিড়ম্বনার মুখে পড়ছেন তারা।

চৌমুহনী সদর মসজিদের খাদেম আবুল কালাম বলেন, “পৌরসভার দায়িত্ব শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কিন্তু মসজিদের সামনে এভাবে পাবলিক টয়লেটের বর্জ্য পানি ছেড়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ।”

এলাকাবাসীর আশঙ্কা, সড়কে জমে থাকা এই দূষিত পানি থেকে বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। এছাড়া কুকুরসহ বিভিন্ন প্রাণীকে ওই পানি পান করতে দেখা গেছে, যা জনস্বাস্থ্যের জন্য আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করছে।

ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জনদুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান পৌর প্রশাসক আমেনা মারজানের দৃষ্টিগোচর করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পাশাপাশি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পাবলিক টয়লেটটি সাময়িকভাবে বন্ধ রাখারও দাবি জানান।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত বর্জ্য নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, সড়ক পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button