
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে আম ধরা ৪৬টি বম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে আম বাগানে বুধবার রাতে।
এলাকাবাসী জানান গোপালপুর মাঠে গোপালপুর গ্রামের মৃত জিল্লার রহমানের ছেলে আমিনুল ইসলামের গোপালনগর মাঠে ৭০টি ‘বারি-৪’ জাতের আমগাছের মধ্যে ৪৬টি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা রাতের অন্ধকারে। যা সকালে আমরা দেখতে পেয়ে আম বাগান মালিককে জানায়।
ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে ব্যক্তিগত শত্রুতার জের থাকতে পারে বলে ধারণা করছেন। তিনি আক্ষেপ করে বলেন, গাছের সঙ্গে এমন শত্রুতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, রাতের আঁধারে এভাবে গাছ কেটে ফেলা সম্পূর্ণ অন্যায়। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হব।



