বিদ্যুতের আগুনে পুড়ে মারা গেলো ৪ জন
সংবাদদাতা,পীরগঞ্জ : বিদ্যুতের তার ছিঁড়ে বাড়িতে আগুন লেগে চারজন মারা গেছেন। এছাড়াও আগুনে দগ্ধ হয়েছেন এক পুলিশ কনস্টেল। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামে মঙ্গলবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে নিহতরা সবাই পুলিশ কনস্টেল খরেশ চন্দ্রের (৪৪) পরিবারের সদস্য। নিহতরা হলেন খরেশ চন্দ্রের স্ত্রী কেয়া রানী (৩৮),মেয়ে নাইস (১০), ছেলে নির্ণয় (৮) ও কেয়ার বোন সন্ধ্যা রানী (৩৪)।
খরেশ চন্দ্রের স্ত্রী ও শ্যালিকা হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। আহতাবস্থায় খরেশ চন্দ্র ও তার ছেলে নির্ণয় এবং মেয়ে নাইসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই নির্ণয় ও নাইস মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ভোর ৪টার দিকে ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে খরেশ চন্দ্রের বাড়িতে আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই ঘরের ভেতরে থাকা একটি মোটরসাইকেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। ফলে দ্রুত সময়ের মধ্যে আশেপাশের পাঁচটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
প্রাথমিক পর্যায়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা এসে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে।




