লিফটে আধা ঘণ্টা আটকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয়ের লিফটে প্রায় আধা ঘণ্টা আটকে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের দরজা ভেঙ্গে মন্ত্রীকে উদ্ধার করেন। সোমবার সচিবালয়ের ২ ও ৩ নম্বর ভবনের মাঝের লিফটে এ ঘটনা ঘটে।
মন্ত্রী লিফটে আটকা পড়েছেন এই খবরে মন্ত্রণালয়ে হৈচৈ পড়ে যায়। প্রতি তলার লিফটের সামনে মন্ত্রণালয়ের কর্মচারীরা ভিড় করে দাঁড়ান। কিন্তু মন্ত্রীকে লিফট থেকে উদ্ধারের কোনো পথ পাওয়া যাচ্ছিলো না। পরে বেলা সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা মন্ত্রীকে উদ্ধার করেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, লিফটের ভেতরে মন্ত্রী প্রচণ্ড ঘামছিলেন। এ সময় তাকে আতঙ্কে থরথর করে কাঁপতে দেখা যায়। লিফটে মন্ত্রী ছাড়াও আরও সাতজন ব্যাক্তি ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আবদুল জলিল জানান, লিফটি আটকে যাওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া না গেলেও ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের জন্য এটি হতে পারে।



