
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মু. সালাহউদ্দিন আইউবী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ রিয়াজুল হান্নান।
রোববার (১ মার্চ) বাদ আছর কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামী-র দলীয় কার্যালয়ে এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এমপি মু. সালাহউদ্দিন আইউবীর আমন্ত্রণে শাহ রিয়াজুল হান্নান সৌজন্যমূলক এক ঝুড়ি ফল নিয়ে উপস্থিত হন। এসময় এমপি মহোদয় ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাঁকে আন্তরিকভাবে ফল ও ফুলেল শুভেচ্ছা জানান।
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে কাপাসিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল—চুরি, ডাকাতি ও ছিনতাই রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে একসাথে কাজ করার অঙ্গীকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার মাত্র বিশ দিনের মধ্যেই পূর্বঘোষণা ছাড়াই প্রধান দুই দলের দুই প্রতিদ্বন্দ্বীর এই মিলনকে এলাকাবাসী ও রাজনৈতিক মহল একটি নজিরবিহীন ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। স্থানীয়দের ধারণা, কাপাসিয়ার উন্নয়নের রূপকার প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ-এর আদর্শ অনুসরণ করেই তাঁর সুযোগ্য উত্তরসূরি শাহ রিয়াজুল হান্নান আগামীতেও জনকল্যাণমূলক রাজনীতিতে অগ্রসর হবেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবুল ফাত্তাহ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।




