sliderস্থানিয়

মানিকগঞ্জে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত কাশাদাহ সেচ প্রকল্প উদ্বোধন করলেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির

মোঃ শাহ আলম,দৌলতপুর (মানিকগঞ্জ): শিবালয় উপজেলার ছোট আনুলিয়ায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতি বিজড়িত কাশাদাহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতাধীন সেচ প্রকল্পের ইরি-বোরো মৌসুমের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির আনুষ্ঠানিকভাবে পাম্প চালু করে সেচ কার্যক্রমের সূচনা করেন।

সমিতির সভাপতি মো. শফিজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার,সহকারী ভূমি কমিশনার জান্নাতুল নাঈম, উপজেলা প্রকৌশলী মো.মিজানুর রহমান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপুসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমবায় নেতৃবৃন্দ, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এ জিন্নাহ কবির কৃষি উন্নয়নে আধুনিক সেচ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, “কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে সময়োপযোগী সেচ ব্যবস্থা অপরিহার্য। ইরি-বোরো মৌসুমে সময়মতো পানি সরবরাহ নিশ্চিত করা গেলে কৃষকরা অধিক ফলন পাবেন এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, সমবায়ভিত্তিক পানি ব্যবস্থাপনা কৃষকদের মধ্যে ঐক্য, সমন্বয় ও অংশীদারিত্ব বাড়ায়। সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিবালয়ের ছোট আনুলিয়ায় কাশাদাহ খাল খনন করেছিলেন। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি কাশাদাহ এলাকা থেকে উদ্বোধনের আহ্বান জানান তিনি।

সমবায় সমিতি সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। যমুনা নদী থেকে পানি উত্তোলনের মাধ্যমে জমিতে সেচ সরবরাহ করা হচ্ছে। এতে ফলন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয়ও কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

স্থানীয় কৃষকরা জানান, সেচ প্রকল্প চালু হওয়ায় তাদের চাষাবাদ কার্যক্রম আরও সহজ ও ফলপ্রসূ হবে। সময়মতো পানি নিশ্চিত হলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button